জাতীয়

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন করে বরাদ্দ করা জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর যানজট কমাতে বাসের ডিপো ও টার্মিনাল আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে। সেখানে বাসের ডিপো ও টার্মিনালের জন্য পৃথক ব্যবস্থা রাখা হবে।

তিনি বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনালকে চিহ্নিত করা হয়েছে। তাই আগামী তিন মাসের মধ্যে এসব টার্মিনাল চুনকুটিয়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

মহাখালী বাস টার্মিনাল প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান স্থানেই টার্মিনাল থাকবে। তবে বাসের ডিপো পূর্বাচলে স্থানান্তর করা হবে। সরকারের নীতিমালা অনুযায়ী ডিপো ও টার্মিনাল আলাদা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন বাস মালিক সমিতির নেতারাও মহাখালী বাস টার্মিনালের নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শন করেন। তাদের প্রায় ৮০টি বাস রাখার উপযোগী জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মিরপুরে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

বাস মালিক সমিতির প্রতিনিধিরা জানান, রাজধানীর বাস টার্মিনালগুলোতে যানজট কমানো এবং পরিবহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর