সময়মতো ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়া অনেকেরই নিয়মিত সমস্যা। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি দেখা যায়। ফলে পরিবারের সদস্যদের অনেক সময় বারবার মনে করিয়ে দিতে হয়, এমনকি নিয়মিত ওষুধ খাওয়ানো নিয়ে চেঁচামেচিও করতে হয়।
তবে প্রযুক্তির সাহায্যে এই ঝামেলা অনেকটাই কমানো সম্ভব। বাসায় ব্যবহার করা যায় এমন অটোমেটিক পিল ডিসপেনসার নামের ছোট্ট একটি যন্ত্র ওষুধ খাওয়ার নির্ধারিত সময় মনে করিয়ে দিতে পারে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ে ওষুধ না নিলে কিছু মডেল পরিবারের সদস্যের ফোনে বার্তাও পাঠাতে পারে।
কীভাবে কাজ করে যন্ত্রটি
অটোমেটিক পিল ডিসপেনসারের ভেতরে সাধারণত অনেক ভাগে বিভক্ত একটি গোলাকার ট্রে থাকে। রোগীর ওষুধ খাওয়ার সময়সূচি অনুযায়ী প্রতিটি ভাগে নির্দিষ্ট সময়ের ওষুধ সাজিয়ে রাখতে হয়।
পরিবারের সদস্য, পরিচর্যাকারী কিংবা ফার্মাসিস্টের সহায়তায় ওষুধগুলো ট্রেতে সাজিয়ে নেওয়া যায়। এরপর যন্ত্রটিতে প্রতিটি ওষুধ খাওয়ার সময় নির্ধারণ করে অ্যালার্ম সেট করতে হয়।
নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজবে এবং অনেক মডেলে আলোও জ্বলবে। একই সময়ে যন্ত্রের ভেতরের ট্রে ঘুরে নির্দিষ্ট সময়ের ওষুধটি ঢাকনার একটি নির্ধারিত খোলা অংশের সামনে নিয়ে আসবে।
ভুল করে অতিরিক্ত ওষুধ খাওয়ার ঝুঁকি কমায়
নির্ধারিত সময় হলে ব্যবহারকারী যন্ত্রটি কাত করলে ওষুধ হাতের তালুতে বা ছোট একটি পাত্রে পড়ে যাবে। ওষুধ বের হয়ে এলে সাধারণত অ্যালার্ম বন্ধ হয়ে যায়। এরপর ওষুধ খেয়ে যন্ত্রটি আবার আগের অবস্থানে রাখতে হয়।
অনেক যন্ত্রের ঢাকনা লক করা যায়। ফলে নির্ধারিত সময়ের আগে ট্রের অন্য অংশে থাকা ওষুধ নেওয়ার সুযোগ থাকে না। এতে ভুল করে একসঙ্গে অতিরিক্ত ওষুধ খেয়ে ফেলার ঝুঁকি কমানো সম্ভব।
বিশেষ করে একাধিক ধরনের ওষুধ নিয়মিত খেতে হয়—এমন বয়স্ক ব্যক্তি বা রোগীদের ক্ষেত্রে এ ধরনের যন্ত্র দৈনন্দিন ওষুধ ব্যবস্থাপনায় সহায়ক হতে পারে।
ওষুধ না নিলে ফোনে যাবে বার্তা
অটোমেটিক পিল ডিসপেনসারের কিছু উন্নত মডেলে আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা থাকে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারকারী যন্ত্র থেকে ওষুধ না নিলে সেটি আগে থেকে নির্ধারণ করে রাখা পরিবারের সদস্যের মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠাতে পারে।
ফলে পরিবারের সদস্য দূরে থাকলেও বিষয়টি জানতে পারেন। পরে ফোন করে তিনি রোগীকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে পারেন।
এ ধরনের সুবিধা বিশেষ করে একা থাকা বয়স্ক ব্যক্তি কিংবা যাঁদের নিয়মিত ওষুধ খাওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা দূর থেকে দেখভাল করেন, তাঁদের জন্য কাজে আসতে পারে।
ব্যবহারের আগে যা খেয়াল রাখা জরুরি
যন্ত্রে ওষুধ সাজানোর সময় প্রতিটি ওষুধের নাম, মাত্রা ও খাওয়ার সময়সূচি ঠিকভাবে মিলিয়ে নিতে হবে। পরিবারের সদস্য বা পরিচর্যাকারীর সহায়তায় ওষুধ সাজিয়ে নেওয়া নিরাপদ।
তবে এই যন্ত্র চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। কোন ওষুধ কখন এবং কত মাত্রায় খেতে হবে, সে বিষয়ে চিকিৎসকের নির্দেশই অনুসরণ করতে হবে। ওষুধের সময়সূচি পরিবর্তন হলে ডিসপেনসারের সেটিংসও পরিবর্তন করা প্রয়োজন।
বাংলাদেশে দাম কত
বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল ইকুইপমেন্ট বিক্রয় প্রতিষ্ঠান ও অনলাইন প্ল্যাটফর্মে অটোমেটিক পিল ডিসপেনসার পাওয়া যায়। যন্ত্রের আকার, ধারণক্ষমতা, অ্যালার্ম, লকিং ব্যবস্থা এবং ফোনে বার্তা পাঠানোর মতো সুবিধার ওপর ভিত্তি করে দাম ভিন্ন হয়।
সাধারণত প্রায় ৩ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত দামে বিভিন্ন ধরনের অটোমেটিক পিল ডিসপেনসার পাওয়া যেতে পারে।
সঠিক মডেল বেছে নেওয়ার ক্ষেত্রে শুধু দাম নয়, কত ধরনের ওষুধ রাখা যাবে, দিনে কতবার অ্যালার্ম দেওয়া যায়, লকিং ব্যবস্থা আছে কি না এবং পরিবারের সদস্যকে সতর্কবার্তা পাঠানোর সুবিধা রয়েছে কি না—এসব বিষয়ও বিবেচনা করা জরুরি।
সন্ধানী বার্তা/এসএ