জাতীয়

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল হয়েছে। সফরে বাংলাদেশের স্বার্থ ও সম্ভাবনার বিষয়গুলো বিশ্ব দরবারে তুলে ধরা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন। পাঁচ দিনের সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন এবং ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দেশের মানুষের জন্য তাঁর পরিকল্পনার কথাও জানিয়েছেন।

আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, কেউ আইন লঙ্ঘন করলে কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে। এ ধরনের কর্মকাণ্ড সরকার কঠোরভাবে দমন করবে।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না। তাঁর মতে, এটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের একটি দিক।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে রোববার সকাল ৮টা ২১ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা। বিমানবন্দরে জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের প্রতিনিধিরা তাঁকে অভ্যর্থনা জানান।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর