তিনি জানিয়েছেন, ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে এবং তেলের দাম বাড়বে না। ফলে এ অজুহাতে পরিবহন ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।
শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আজ থেকে শুরু হওয়া ট্রেনযাত্রা নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, সকাল থেকে ২১টি ট্রেন ছেড়ে গেছে এবং সবগুলোই সঠিক সময়ে যাতায়াত করছে। গত কয়েকদিন একটি দুর্ঘটনার কারণে দুটি ট্রেন তিন ঘণ্টা লেইটে চললেও আজ তা কমিয়ে ৪০ মিনিটে আনা হয়েছে। আগামী দুদিনের মধ্যে শিডিউল পুরোপুরি স্বাভাবিক হবে।
শেখ রবিউল আলম বলেন, মাত্র দুই-তিনদিনে ঢাকা শহর থেকে প্রায় সোয়া কোটি থেকে দেড় কোটি মানুষ বাইরে যাবে। পৃথিবীর কোনো শহরে এত অল্প সময়ে এত বিশাল জনস্রোতের নজির নেই।
ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ছাদে ওঠার সব পথ বন্ধ করছি। তবে মানুষের বাড়ি ফেরার যে তীব্র আকাঙ্ক্ষা, তাতে মাঝে মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি দেশবাসীকে অনুরোধ করব-জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়বেন না।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধানী বার্তা/জেএন