জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়।
প্রাতরাশের শুরুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাঁদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন তাঁরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ফটোসেশনে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রাতরাশ শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ।
জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠক করবেন। সফরের বিভিন্ন কর্মসূচিতে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসার কথা রয়েছে।
সন্ধানী বার্তা/এমএসআইপি