রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৭৬, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১২০, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৪৬ এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, তিনটি চাপাতি ও পাঁচটি চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ৫৩ পিস লোহার পেরেক (তারকাটা) উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, অভিযানে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সন্ধানী বার্তা/এমএসআইপি