মহাশূন্যের গভীরে ছুটে চলা নাসার মহাকাশযান ‘ভয়েজার ১’ এবার নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। প্রায় পাঁচ দশক ধরে মহাকাশে থাকা এই যানটি পৃথিবী থেকে এক আলোকদিবসের দূরত্বে পৌঁছানোর দ্বারপ্রান্তে। একই সঙ্গে এটি মানুষের তৈরি কোনো যান হিসেবে পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করার রেকর্ডও ধরে রেখেছে।
আলোর গতিতে ২৪ ঘণ্টায় আলো যে দূরত্ব অতিক্রম করে, সেটিই এক আলোকদিবস। নাসার তথ্য অনুযায়ী, শুক্রবারের মধ্যে ভয়েজার ১ পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০৯ কোটি মাইল দূরে পৌঁছানোর কথা। এই দূরত্বই প্রায় এক আলোকদিবসের সমান।
ভয়েজার ১-এর যাত্রা শুরু হয়েছিল ১৯৭৭ সালে। বৃহস্পতি ও শনি গ্রহের পাশ দিয়ে যাওয়ার জন্য মহাকাশযানটি পাঠানো হলেও প্রাথমিকভাবে এর কার্যক্রম মাত্র পাঁচ বছর চালু থাকার কথা ছিল। কিন্তু প্রত্যাশার তুলনায় বহুগুণ বেশি সময় ধরে এটি মহাকাশে সক্রিয় রয়েছে।
২০১২ সালে ভয়েজার ১ সৌরজগতের সীমানা পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। এর মাধ্যমে এটি সৌরজগতের বাইরে আন্তঃনাক্ষত্রিক অঞ্চলে প্রবেশ করা প্রথম মানবসৃষ্ট বস্তু হিসেবে ইতিহাস গড়ে।
বর্তমানে ভয়েজার ১ এত দূরে অবস্থান করছে যে মহাকাশযানটি থেকে পাঠানো কোনো সংকেত পৃথিবীতে পৌঁছাতে প্রায় ২৩ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে। অর্থাৎ পৃথিবী থেকে পাঠানো কোনো নির্দেশনাও সেখানে পৌঁছাতে প্রায় এক দিন সময় লাগে।
অন্যদিকে, ভয়েজার ২-ও মহাকাশের গভীরে এগিয়ে চলেছে। তবে ভিন্ন পথে চলার কারণে সেটি ভয়েজার ১-এর এই মাইলফলকে পৌঁছাবে আরও প্রায় নয় বছর পর, ২০৩৫ সালের নভেম্বরে।
বর্তমানে ভয়েজার ১ উরসা মাইনর নক্ষত্রমণ্ডলের ‘গ্লিস ৪৪৫’ নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে। তবে নক্ষত্রটির কাছাকাছি পৌঁছাতে মহাকাশযানটির প্রায় ৪০ হাজার বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
সন্ধানী বার্তা/এসএ