৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। ছবিগুলো হলো—নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
অস্কার বাংলাদেশ কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জমা পড়া চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বাংলাদেশের হয়ে অস্কারে পাঠানোর জন্য একটি ছবি বাছাই করবে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি। এরই মধ্যে কমিটিটি অস্কার কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।
কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে আছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
কমিটির সদস্যরা জমা পড়া পাঁচটি সিনেমা দেখে তাঁদের মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে একটি চলচ্চিত্র নির্বাচন করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া সিনেমাটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিটি দেশ থেকে একটি করে চলচ্চিত্র অস্কারের জন্য জমা দেওয়ার সুযোগ থাকে। বাংলাদেশের নির্বাচিত ছবিটি পরে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।
এবার বাংলাদেশের পক্ষ থেকে জমা পড়া পাঁচটি সিনেমার মধ্যে একটিকে বেছে নেওয়ার দায়িত্ব অস্কার বাংলাদেশ কমিটির। ফলে আগামী ২৭ সেপ্টেম্বরের ঘোষণার দিকেই এখন নজর চলচ্চিত্রসংশ্লিষ্টদের।
সন্ধানী বার্তা/এসএ