আন্তর্জাতিক

জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিস্ফোরক অভিযোগ

সন্ত্রাসবাদ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছে ভারত। নয়াদিল্লির দাবি, সন্ত্রাসী সংগঠন ও তাদের নেতাদের নিরাপদ আশ্রয় ও সহায়তা দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানে দীর্ঘদিন ধরে একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পারভাথানেনি নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব অভিযোগ করেন। তিনি বলেন, ৯/১১ হামলার সঙ্গে জড়িত আল-কায়েদার শীর্ষ নেতারা কোনো দুর্গম পাহাড়ি অঞ্চল বা জনমানবহীন সীমান্তে লুকিয়ে ছিলেন না; বরং পাকিস্তানের শহর ও জনবসতিপূর্ণ এলাকায় তাদের অবস্থান ছিল।

ভারতের এই প্রতিনিধি ৯/১১ হামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নামও উল্লেখ করেন। তাদের মধ্যে ছিলেন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন, হামলার অন্যতম পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদ, রামজি বিনালশিভ, ওয়ালিদ বিন আত্তাশ ও মুস্তফা আহমেদ আল-হাউসাবি।

হরিশ পারভাথানেনির বক্তব্য অনুযায়ী, ওসামা বিন লাদেনকে ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্রের বাহিনী অভিযান চালিয়ে হত্যা করে। ‘অপারেশন নেপচুন স্পিয়ার’ নামে পরিচালিত ওই অভিযানের প্রসঙ্গ তুলে তিনি পাকিস্তানে সন্ত্রাসী নেতাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

ভারতের অভিযোগ, পরবর্তী সময়েও আল-কায়েদার সহযোগী হিসেবে পরিচিত লস্কর-এ-তৈয়বা ও জইশ-এ-মোহাম্মদের মতো সংগঠনগুলো পাকিস্তানে বিভিন্ন ধরনের সহায়তা, অবকাঠামো ও দায়মুক্তির সুযোগ পেয়েছে।

ভারতীয় প্রতিনিধি আরও দাবি করেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এসব সংগঠন বিভিন্ন সময়ে নাম ও পরিচয় পরিবর্তন করেছে। একই সঙ্গে তাদের নেতৃত্ব এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশিক্ষণ অবকাঠামোকে আন্তর্জাতিক ব্যবস্থার আওতার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য তৈরি হওয়া ‘অনুকূল পরিবেশ’ বন্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হরিশ পারভাথানেনি। কোনো দেশেই যাতে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় তৈরি না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে, ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর