গাজা সিটিতে যুদ্ধের আগে ক্ষতিগ্রস্ত একটি সাততলা আবাসিক ভবন ধসে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবার রাতে ভবনটি ধসে পড়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।
আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে শিশু ও অন্যদের জীবিত অবস্থায় বের করে আনছেন। আহতদের পরে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। তবে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের সংকটের কারণে তাদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে ইসরায়েলি হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলার পর ভবনটিতে ফাটল দেখা দেওয়ায় এর কাঠামো দুর্বল হয়ে পড়ে বলে জানানো হয়েছে।
দীর্ঘদিনের সংঘাতে গাজার বহু ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। নির্মাণ ও মেরামতের উপকরণ প্রবেশে নানা বিধিনিষেধ থাকায় এসব ভবনের অনেকগুলো সংস্কার করা সম্ভব হয়নি। ফলে নিরাপদ আশ্রয়ের অভাবে অনেক ফিলিস্তিনি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
সূত্র: আল জাজিরা
সন্ধানী বার্তা/এসএ