দেশজুড়ে

চাকরির স্বপ্ন পূরণ, রাবিতে নিয়োগ পেলেন দৃষ্টিহীন শাকিল

নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। মেধা ও অদম্য পরিশ্রমে পড়াশোনা শেষ করলেও চাকরি নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তিনি। অবশেষে প্রধানমন্ত্রীর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শাকিল।

শাকিল হোসেন চাকরির আশায় বিভিন্ন দপ্তরে ঘুরলেও দৃষ্টিহীনতার কারণে তার কাঙ্ক্ষিত চাকরি পাওয়া হচ্ছিল না। একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী তার উপদেষ্টা রুহুল কবির রিজভীকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় শাকিলের চাকরির ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন শাকিল হোসেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এবং রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম উপস্থিত ছিলেন।

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা জয় করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করার সুযোগ পেলেন শাকিল। তার এই নিয়োগকে শিক্ষাজীবনের পর কর্মসংস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি 


সম্পর্কিত খবর