জাতীয়

মেগা প্রকল্পের খোঁড়াখুঁড়িতে যানজট না বাড়াতে সমন্বয়ের নির্দেশ

রাজধানীতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি বন্ধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা শহরের মেগা প্রকল্পজনিত যানজট রোধে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে সমন্বয় করা হয়েছে। একই জায়গায় এক সংস্থার কাজ শেষ হওয়ার পর আরেক সংস্থার নতুন করে খোঁড়াখুঁড়ি যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে। পাশাপাশি কর্মকর্তা পর্যায়েও প্রয়োজন অনুযায়ী সভা করতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) নেতৃত্বে এসব সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

রাজধানীতে মেট্রোরেল, সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা ও ডেসকোর বিভিন্ন উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব প্রকল্পে ইউটিলিটি স্থানান্তর ও নির্মাণকাজের সময় পুলিশ ও ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, উন্নয়নকাজের কারণে নতুন করে যাতে ট্রাফিক হ্যাজার্ড তৈরি না হয়, সেটি নিশ্চিত করার চেষ্টা চলছে। সরকারের ব্যয় ও সময় কমানোর পাশাপাশি জনভোগান্তি কমিয়ে নগরবাসীকে স্বস্তি দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

রাজধানীর যানজট কমাতে বাসস্ট্যান্ডগুলো পর্যায়ক্রমে শহরের বাইরে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশাকে শৃঙ্খলার মধ্যে আনা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগে চার্জ দেওয়ার পয়েন্টের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সন্ধানী বার্তা/এমএসআইপি 


সম্পর্কিত খবর