রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৪০, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৭ এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
এ সময় একটি পিকআপ ভ্যান, একটি প্রাইভেটকার, পাঁচটি মোটরসাইকেল, ডামি পিস্তল, ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সন্ধানী বার্তা/এএইচ/এমএসআইপি