নিজস্ব প্রতিবেদক |
প্রকাশ : ৯ মার্চ, ২০২৬ ৪:০৫ : অপরাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বছরের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। দীর্ঘ বিরতির পর আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সিরিজ শুরুর আগে মিরপুরের উইকেট নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে সিমন্স বলেন, ‘এবারের উইকেটগুলো সেই সিরিজের তুলনায় অনেক বেশি ভালো মনে হচ্ছে।
তাই আমাদের মূল লক্ষ্য হলো উন্নতি করা এবং পরের ধাপে যাওয়া।’গত বছর সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা কোচের কণ্ঠেও। কোচ বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা খুব ভালোভাবে শেষ করেছিলাম এবং আমরা সেখান থেকে আর পিছিয়ে যেতে চাই না।’
পাকিস্তান সিরিজের আগে ঘরোয়া প্রস্তুতি ম্যাচে দলের ব্যাটিং নিয়েও কথা বলেন তিনি। সিমন্সের মতে, সাম্প্রতিক ম্যাচে ব্যাটাররা ভালো খেললেও এখনও কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে। তিনি বলেন, ‘গত ম্যাচে আমরা যেভাবে ব্যাটিং করেছি, সেই ধারা বজায় রাখা এবং কিছু নির্দিষ্ট জায়গায় কাজ করা প্রয়োজন। আমি মনে করি, আমরা বিশেষ করে মিডল ওভারে আরও ভালো করতে পারি, কারণ সেখানে আমরা খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিলাম না।
আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও মাঝের ওভারগুলোতে আরও বেশি উইকেট নিতে হবে। মূলত এই দুই জায়গাতেই আমরা অনেক বেশি গুরুত্ব দেব।’মিরপুরের উইকেট নিয়েও আশাবাদী এই কোচ। সাম্প্রতিক ম্যাচ ও বিপিএলের শেষ অংশ পর্যবেক্ষণ করে তিনি মনে করছেন, উইকেটের মান আগের তুলনায় উন্নত হয়েছে। সিমন্স বলেন, ‘আমার কাছে এখনকার উইকেটগুলো অনেক বেশি ভালো মনে হচ্ছে।
আমি বিপিএলের শেষ অংশটা দেখেছি, এমনকি দুই দিন আগে যে ম্যাচটা হলো সেটাও দেখেছি। উইকেট এখন আগের চেয়ে অনেক উন্নত। আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই যাতে নিজেদের দক্ষতা যাচাই করা যায়।’আগামী ১১ মার্চ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পুরো সিরিজই অনুষ্ঠিত হবে এই মাঠে।