দেশজুড়ে

গাজীপুরে বাস-গরুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। মুমূর্ষু অবস্থায় আরও চারটি গরু জবাই করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে গরুবাহী একটি ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার পর ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় থাকা আরও চারটি গরু জবাই করেন।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি


সম্পর্কিত খবর