
বিগত কয়েক বছরের মতো চলতি ২০২৬-২৭ অর্থবছরেও দারুণ সুবাতাস বইছে রেমিট্যান্সে। চলতি আগস্ট মাসের প্রথম আটদিনেও অব্যাহত আছে এ ধারা। এই ৮ দিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ৪২ দশমিক ৯ শতাংশ বেশি।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৬ থেকে ৮ আগস্ট- এই তিনদিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৩ মিলিয়ন ডলার। এর আগে, ৪ ও ৫ আগস্ট— এই দুইদিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন ডলার।
এদিকে, অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট তিন দশমিক ৭৭৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই রেমিট্যান্সের পরিমাণ ছিল তিন দশমিক ১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়ছে। রেমিট্যান্সের এ ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আগস্টের শুরুতেও সেই ধারা অব্যাহত থাকায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে আরও গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সন্ধানী বার্তা/এসএকে






