
সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা শ্রেয়া কালরা এবার নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। দীর্ঘ প্রতিযোগিতা ও নানা বিতর্কের পর নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী হয়েছেন তিনি। ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ কোটি রুপি।
১৯৯৭ সালের ১৪ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন শ্রেয়া কালরা। এমবিএ ডিগ্রিধারী শ্রেয়া প্রথম পরিচিতি পান টিকটকে নাচ ও লিপসিংক ভিডিও তৈরি করে। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর তিনি ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিয়মিত কনটেন্ট প্রকাশ শুরু করেন। ফ্যাশন, লাইফস্টাইল, বিনোদন ও নাচের ভিডিওর মাধ্যমে অল্প সময়েই গড়ে তোলেন বিশাল অনুসারী।
ডিজিটাল দুনিয়ায় জনপ্রিয়তার পর ২০২০ সালে ‘এমটিভি রোডিজ রেভোল্যুশন’-এ ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে অংশ নেন শ্রেয়া। এরপর অভিনয় করেন একাধিক মিউজিক ভিডিও ও ওটিটি মিনিসিরিজে। কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির সঙ্গে ‘দ্য সোসাইটি’-এর দ্বিতীয় মৌসুম সঞ্চালনা করেন এবং ‘ডোন্ট স্পিল টু মাচ’ নামে একটি পডকাস্টও শুরু করেন।
‘লক আপ ২’-এর শুরু থেকেই নিজের কৌশলী খেলা, স্পষ্টভাষী মনোভাব ও মানসিক দৃঢ়তার জন্য দর্শকদের নজর কাড়েন শ্রেয়া। বিভিন্ন টাস্কে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পাশাপাশি কঠিন পরিস্থিতিতেও আত্মবিশ্বাস ধরে রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পান তিনি।
পুরো মৌসুমে একাধিক বিতর্কে জড়িয়েছিলেন শ্রেয়া কালরা। প্রতিযোগী শিবাঙ্গী জোশী, আকাঙ্ক্ষা চৌধুরী, যোগেশ রাওয়াত ও হর্ষদ চোপড়ার সঙ্গে তাঁর তীব্র বাক্বিতণ্ডা হয়।
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় এক প্রতিযোগীর ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করার পর। ওই ঘটনার জেরে বাড়ির বেশির ভাগ সদস্য তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। পরে শিলপা শিন্দের সঙ্গেও তাঁর বিরোধ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে।
বিতর্কের মধ্যেও প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েননি শ্রেয়া। বরং প্রতিটি পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে যান। পুরো মৌসুমে তাঁর দৃঢ় উপস্থিতি ও জনপ্রিয়তার কারণে অনেক দর্শক মজা করে শোটিকে ‘দ্য শ্রেয়া কালরা শো’ বলেও উল্লেখ করেন।
অবশেষে দর্শকদের ভোট ও ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে ‘লক আপ ২’-এর শিরোপা জিতে নেন শ্রেয়া কালরা। ট্রফির পাশাপাশি তাঁর হাতে ওঠে ১ কোটি রুপির পুরস্কারও।
সন্ধানী বার্তা/এসএ





