
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রীতির সঙ্গে তার সম্পর্ক কখনোই বন্ধুত্বের গণ্ডি ছাড়ায়নি।
সম্প্রতি বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, তিনি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং এখনও সেই বন্ধুত্ব অটুট রয়েছে।
ব্রেট লি বলেন, “প্রীতি তখন পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমতী একজন নারী। আমি তাকে অনেক সম্মান করি। আমাদের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বের ছিল।”
প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের আলোচনা তাকে কখনো বিরক্ত করেনি। কারণ তিনি জানতেন বাস্তবতা কী। তার ভাষায়, মানুষ নানা ধরনের জল্পনা-কল্পনা করতেই পারে, তবে তিনি সেসবকে কখনো গুরুত্ব দেননি।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন ব্রেট লি। সে সময় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে এই গুঞ্জন নতুন নয়। ২০১০ সালেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতি জিনতা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছিলেন, ব্রেট লির সঙ্গে তার প্রেমের খবর সম্পূর্ণ গুজব। তাদের মধ্যে কেবল বন্ধুত্বের সম্পর্কই রয়েছে।
ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৪ সালে তিনি লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন। অন্যদিকে, প্রীতি জিনতা ২০১৬ সালে জিন গুডেনাফকে বিয়ে করেন। বর্তমানে এই দম্পতি যমজ সন্তানের অভিভাবক।
এদিকে, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন প্রীতি জিনতা। তাকে আগামীতে ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় দেখা যাবে। পরিকল্পনা অনুযায়ী, ছবিটি ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সন্ধানী বার্তা/এসএ





