খেলা

দিঅমান্দেকে পেতে রিয়ালের ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

আরবি লাইপজিগের আইভোরিয়ান সম্ভাবনাময় ফরোয়ার্ড ইয়ান দিওমান্দেকে দলে ভেড়াতে চমকপ্রদ প্রস্তাব নিয়ে হাজির হয়েছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। ১০০ মিলিয়ন ইউরো নিশ্চিত ফি এবং অতিরিক্ত ২০ মিলিয়ন ইউরোর অ্যাড-অনসহ মোট ১২০ মিলিয়ন ইউরোর এই প্রস্তাবের পর ১৯ বছর বয়সী এই তারকাকে পাওয়ার দৌড় থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

লাইপজিগের চড়া ট্রান্সফার ফি ও খেলোয়াড়ের বিশাল বেতনের শর্তে রাজি না হয়ে পিএসজি পিছু হটলেও, দিওমান্দেকে পেতে ইতিবাচক অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে দিওমান্দের প্রথম পছন্দ পিএসজি হলেও ক্লাবটির অনাগ্রহের পর তিনি রিয়াল মাদ্রিদকেই নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন। জানা গেছে, খুব শীঘ্রই ক্লাব কর্তৃপক্ষের কাছে রিয়ালে যাওয়ার চূড়ান্ত ইচ্ছা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন এই তরুণ উইঙ্গার।

অন্যদিকে জার্মান ক্লাব লাইপজিগ তাদের এই উদীয়মান তারকার জন্য প্রায় ১৩০ মিলিয়ন ইউরো আশা করছে। ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা দিওমান্দে যদি ক্লাব ছাড়েন, তবে তা হবে লাইপজিগের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় বিক্রির নতুন রেকর্ড।

ব্রাহিম দিয়াজের ক্লাব ছাড়ার গুঞ্জনের মধ্যে রাইট-উইং পজিশন শক্তিশালী করতে দিওমান্দের ওপর নজর দেয় রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে বুন্দেসলিগায় ৩৩ ম্যাচে ১২টি গোল ও ৯টি অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন তিনি। এছাড়া সদ্য সমাপ্ত বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে চার ম্যাচের সবকটিতেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ উইঙ্গার।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর