দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তামিলনাড়ুতে তাঁর ফ্যান ক্লাবের সাংগঠনিক তৎপরতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে—তবে কি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন এই তারকা? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।
সম্প্রতি ভক্তদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ধানুশ সামাজিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একসঙ্গে থাকার শক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। পাশাপাশি প্রতিবেশীদের সমস্যা জানার, তাঁদের পাশে দাঁড়ানোর এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অভিনেতার এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়। তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে আসার দীর্ঘ ইতিহাস থাকায় ধানুশের ভবিষ্যৎ নিয়েও জল্পনা আরও জোরালো হয়েছে।
এর আগে সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে আসার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। অন্যদিকে অভিনেতা থালাপতি বিজয় ইতোমধ্যে নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছেন। ফলে ধানুশও একই পথে হাঁটতে পারেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্যের শেষে ধানুশের ‘ওম নমঃ শিবায়’ উচ্চারণও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই এটিকে তাঁর সম্ভাব্য রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ধানুশের বাবা ও নির্মাতা কস্তুরি রাজাকে অভিনেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। যদিও তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। এর আগে অবশ্য তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর পরিবারের কেউ ভবিষ্যতে রাজনীতিতে আসতে পারেন।
ধানুশের ফ্যান ক্লাবের পতাকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এসব গুঞ্জন নাকচ করে ফ্যান ক্লাবের নেতা ও পরিচালক সুব্রামানিয়াম শিবা বলেন, এটি নতুন কোনো রাজনৈতিক প্রতীক নয়। তাঁর দাবি, প্রায় ১৫ বছর ধরেই ভক্তরা বিভিন্ন অনুষ্ঠান ও সিনেমা মুক্তির সময় এই পতাকা ব্যবহার করে আসছেন। চলতি বছর শুধু ব্যবহারের সুবিধার্থে পতাকার আকার ছোট করা হয়েছে।
ধানুশকে ঘিরে চলমান গুঞ্জন প্রসঙ্গে ক্ষমতাসীন ডিএমকেও প্রতিক্রিয়া জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ রাজনীতিতে আসতে পারেন এবং কেউ রাজনীতিতে যোগ দিতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে।
তবে সব জল্পনার মধ্যেও ধানুশ এখনো রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। বর্তমানে তাঁর মূল মনোযোগ অভিনয় ও চলচ্চিত্র নির্মাণেই রয়েছে।
সন্ধানী বার্তা/এসএ