খেলা

ফুটবলের পর এবার অভিনয়ে রোনালদো

ফুটবল মাঠে সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসরের পর্তুগিজ তারকা ব্রিটিশ ফুটবলভিত্তিক নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিরিজটিতে বিশেষ উপস্থিতিও থাকবে তার।

এই প্রজেক্টে রোনালদোর সঙ্গে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি। এছাড়া হলিউডের জনপ্রিয় পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গেও কাজ করছেন তিনি। ‘কিংসম্যান’ সিরিজের নির্মাতা ভনের সঙ্গে চলতি বছর রোনালদো প্রতিষ্ঠা করেছেন ইউআর-মার্ভ স্টুডিওস।

নতুন সিরিজ নিয়ে রোনালদো বলেন, এটি তার জন্য একটি রোমাঞ্চকর নতুন অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন উদ্যোগে নিজেকে যুক্ত করতে পেরে তিনি উচ্ছ্বসিত।

ম্যাথিউ ভন বলেন, মাঠে রোনালদো এমন অনেক গল্প তৈরি করেছেন, যা কোনো লেখকের কল্পনার চেয়েও বড়। এবার তার সঙ্গে অনুপ্রেরণামূলক সিনেমা ও টেলিভিশন গল্প তৈরির অপেক্ষায় আছেন তিনি।

জানা গেছে, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। এতে ফুটবলের প্রতিযোগিতা, ব্যবসা, কঠিন বাস্তবতা এবং পর্দার আড়ালের নানা বিষয় দেখানো হবে। ইতোমধ্যে ইংল্যান্ডের বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

সিরিজটির অন্যতম আকর্ষণ থিয়েরি অঁরির উপস্থিতি। একসময় মাঠে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা গেলেও এবার একই প্রজেক্টে কাজ করবেন রোনালদো ও অঁরি।

সিরিজটির মূল চরিত্র স্ট্যানলি ডালটন একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন ডেমিয়ান লুইস। এছাড়া ব্রিটিশ র‍্যাপার ডেভ ও কার্লোত্তা বানাতও থাকছেন অভিনয়শিল্পীদের তালিকায়।

রোনালদোর মতো বিশ্বখ্যাত ফুটবলারের যুক্ত থাকায় ‘ডে ওয়ানস’ নিয়ে ইতোমধ্যে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর আগ্রহ তৈরি হয়েছে।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর