সরকার গণমাধ্যমের ওপর কোন কিছু চাপিয়ে দিতে চায় না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘তারেক রহমানের সরকার গণমাধ্যম বান্ধব সরকার। এই সরকার চায় গণমাধ্যম বিকশিত হোক। আমরা জণগণের সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা এই সরকারের দায়িত্ব পেয়েছি। গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাঁধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করবে সরকার।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক সন্তানদের বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দেশের গণমাধ্যমের অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করবো মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে গেছেন তা গণতন্ত্র টিকিয়ে রাখবার জন্য অব্যাহত রাখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে গণমাধ্যম যেন অভাবে না থাকে এবং গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোন বাঁধা ছাড়া পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরাও সেটা চাই। আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন তবে শুধু গণমাধ্যম নয় দেশের জন্যও এটি ভালো সুফল বয়ে আনবে।’
আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি এবং এখানে গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে, এই অবদান ভুলার মতো নয় বলেও দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যদি গণমাধ্যম সঠিক তথ্য জনগণের মাঝে তুলে না ধরতেন তাহলে এই গণতন্ত্র আমরা নাও পেতে পারতাম। আমরা চাই গণমাধ্যম বিকশিত হোক। তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাই-বোনদের যে সমস্যাগুলো আছে এটা সমাধান করা প্রয়োজন। সাংবাদিক ভাই-বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না।’
সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রকৃত সাংবাদিকরা যেন তাদের পেশাদারিত্ব বজায় রাখতে পারে।’ সরকার ভুল করলে আপানার ধরিয়ে দেবেন উল্লেখ করে তিনি বলেন,’ কেউ যেন অপপ্রচার বা মিথ্যা সংবাদ প্রচার না করে। সত্যকে সত্য, সাদাকে সাদা আমরা সেটাই দেখতে চাই। আমরা যদি ভবিষ্যতে সরকারে নাও থাকি তারপরও সাদাকে সাদা, কালোকে কালো এই ধারাটা যেন অব্যাহত থাকে সেই দিকে নজর রাখবেন।’

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সদস্য ম. হামিদুল হক মানিক, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সন্ধানী বার্তা/এইউএ/এমকে