জাতীয়

নতুন কিউএমজি মোহাম্মদ শাহীনুল হক, এজি হোসাইন আল মোরশেদ

চারদিনের মাথায় বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও বড় ধরনের রদবদল করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছেন। সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পদ কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে। সেনাবাহিনীতে অভিজ্ঞ এই কর্মকর্তা এর আগে সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফের (সিজিএস) দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এবার তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিদায়ী কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান।

সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) পদেও পরিবর্তন এসেছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ-কে সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান-কে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

রদবদলের আদেশ অনুযায়ী, এমআইএসটির বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ-কে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান-কে লগ এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমানে লগ এরিয়ার জিওসি পদে থাকা মেজর জেনারেল মো. মোস্তাগাউসুর রহমান খান স্বাভাবিক নিয়মেই অবসরে যাচ্ছেন। প্রসঙ্গত, গত রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর সিজিএস, পিএসও এবং ডিজিএফআই প্রধানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনা হয়েছিল। সেই রদবদলের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কিউএমজি এবং এজি-র মতো শীর্ষস্থানীয় পদগুলোতে নতুন নিয়োগের মাধ্যমে সেনাবাহিনীর কমান্ড কাঠামোয় বড় ধরনের পুনর্গঠন সম্পন্ন করল তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এসব রদবদলে দূরদর্শীতার পরিচয় দিয়েছেন।

সন্ধানী বার্তা/এম/এএইচ


সম্পর্কিত খবর