আন্তর্জাতিক

কলকাতা নামে নতুন জেলা বানাচ্ছে শুভেন্দু প্রশাসন

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী ও ঐতিহাসিক মহানগরী কলকাতাকে এবার জেলায় পরিনত করছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন।

এ রাজ্যে কলকাকাসহ নতুন পাঁচটি জেলা পেতে যাচ্ছেন রাজ্যবাসী। সোমবার (২২ জুন) বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে একাধিক প্রশাসনিক এবং পরিকাঠামোগত পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি।

তিনি জানান, ‘প্রশাসনিক বিকেন্দ্রীকরণের’ লক্ষ্যে রাজ্যে নতুন পাঁচটি জেলা গঠন করা হচ্ছে। রাজ্যের বিজেপি সরকারের তরফে যে পাঁচটি নতুন জেলা গঠনের কথা বলা হয়েছে, সেগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ।

এর পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা গঠনের কথা বলা হয়েছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তৈরি করা হবে নতুন মহকুমা। আর নতুন পৌরসভা হবে দার্জিলিংয়ের শিবমন্দির, মালদহের গাজোল, চাঁচল, পশ্চিম মেদিনীপুরের বেলদা, হাওড়ার বাগনান, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, হুগলির কামারপুকুর, উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি এবং আলিপুরদুয়ারের জয়গাঁতে।

মালদহের মানিকচক, দক্ষিণ ২৪ পরগনার ফলতার মতো কয়েকটি জায়গায় নতুন দমকল অফিস তৈরি করার কথাও জানানো হয়েছে।

কলকাতাকে আলাদা জেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একটা বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই বলছেন, কলকাতা তো এমনিতেই একটা জেলা! তা হলে রাজ্যের রাজধানীকে নিয়ে আলাদা জেলা গঠনের কথা বলা হচ্ছে কেন?

প্রশাসনিক সূত্রে বলা হয়, কলকাতাকে জেলা হিসাবেই ধরা হয় ঠিকই। কিন্তু অন্যান্য জেলার তুলনায় কলকাতার প্রশাসনিক কাজ আলাদা ভাবে হয়।

প্রশাসনিক কাঠামোও ভিন্ন। কারণ, এখানে কোনও জেলাশাসক থাকেন না। থাকেন একজন কালেক্টর। যার কাজ মূলত রাজস্ব সংগ্রহ করা।

এ ছাড়া, রাজ্য সরকারের যে কোনও দফতর কলকাতায় সরাসরি কাজ করে। ফলে মানুষকে যে কোনও প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরেই যেতে হয়। মাঝে কিছু নেই।

অথচ অন্য জেলাগুলিতে প্রশাসনিক কাজের ক্ষেত্রে অনেকগুলি স্তর আছে। সংশ্লিষ্ট দফতর থেকে নির্দেশ যায় জেলা প্রশাসকের কাছে। সেখান থেকে যায় মহকুমার কাছে। কলকাতায় এখনও পর্যন্ত তেমন ব্যবস্থা নেই।

জেলায় যেভাবে প্রশাসনিক কাজকর্ম চলে, এবার কলকাতাতেও সেই ভাবেই চলবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে কলকাতার মানুষ উপকৃতই হবেন।

এছাড়া সোমবার পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং মালদহে তিনটি নতুন বিমানবন্দর তৈরি করার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী।

সন্ধানী বার্তা/আরডি/এমডিএইচ


সম্পর্কিত খবর