জাতীয়

ভোট দিলেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান

নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তারা ভোট দিয়েছেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। অন্যদিকে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ভোটগ্রহণের জন্য একটি অনুকূল পরিবেশ রয়েছে। সবাই দেশের বিভিন্ন স্থানের পরিস্থিতির খোঁজ নিয়েছি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সবাই নির্ভয়ে বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে গিয়ে ভোট দিন।

গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে সেনাপ্রধান বলেন, যারা ভোট দিতে পারছেন না, বিশেষ করে মিডিয়াকর্মীরা, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছেন। এতে মানুষ আশ্বস্ত হচ্ছে এবং ভোট দিতে উৎসাহিত হচ্ছে।

সন্ধানী বার্তা/এমএএইচ/এইচকে


সম্পর্কিত খবর